বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বরিশাল  চালু হল ১.২কোটি লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন  সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

নিজস্ব সংবাদদাতা, বরিশাল
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকা রুপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির অপারেশন পুনরায় শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির সচলকরনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রুপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বরিশাল নগরীর অন্যতম প্রধান পানি সরবরাহ অবকাঠামো। প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটির।কিন্তু প্লান্টি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়েছিল -এর ফলে নগরবাসী পরিশুদ্ধ বিশুদ্ধ পানি থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, এবং অনেক এলাকায় বিকল্প উৎসের ওপর নির্ভরশীলতা বেড়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, প্ল্যান্টে কয়েকটি ধাপে পানি শোধনের কাজ সম্পন্ন হয়। প্রথমে কাঁচা পানি সংগ্রহ করা হয়। এরপর কোয়াগুলেশন ও ফ্লকুলেশন প্রক্রিয়ায় ময়লা পৃথক করা হয়। পরে স্থিতিকরণ, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পানি সরবরাহের উপযোগী করা হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর ও উন্নত হয়েছে।

সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে প্ল্যান্টটির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার, ফিল্টার ইউনিট উন্নয়ন এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।এর ফলে আগের চেয়ে সহজে, প্ল্যান্টের পানিশোধন সম্পন্ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। রুপাতলী ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনরায় চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে।এই প্ল্যান্ট স্থাপনের ফলে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কিছুটা কমবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্ল্যান্টটির কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে পানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বরিশাল সিটি কর্পোরেশনে দৈনিক প্রায় ৭ কোটি ২০ লাখ লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র ৩ কোটি ২০ লাখ লিটার । এই ঘাটতি মেটাতে বেলতলা ও রূপতলীতে ২০১৬ সালে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মিত হলেও, এই দুটি প্লান্ট, নানা ত্রুটির কারণে চালু করা যায়নি। অবশেষে ৮ কোটি টাকা ব্যয়ে এই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু করার সিদ্ধান্তের অংশ হিসাবে রুপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি চালু করা হয়েছে বলে বরিশাল সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের, পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক জানান, মূলত ভূগর্ভস্থ পানির উপনির্বশীলতা কমাতে, সিটি কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। একই সাথে সিটি কর্পোরেশন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পুনরায় চালু করবে, এবং নগরীর কালিজিরা নদীর সংলগ্ন স্থানে আরেকটি ১.৬ কোটি লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের প্রস্তাবনা জমা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102