বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বরিশালে দুই স্কুলের পাশে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬

নিজস্ব সংবাদদাতা, বরিশাল
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে পাশে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ফলে উপজেলা জুড়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, দুপুর সোয়া ২টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। এ সময় ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলামসহ ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কেউ কেউ জ্ঞান হারান।
আহতরা হলেন- ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলাম, সপ্তম শ্রেণির জান্নাত বেগম, অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।
আহত শিক্ষার্থীদের মধ্যে ৬ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায় দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বিকট শব্দে বিদ্যালয় সংলগ্নস্থানে বজ্রপাত হয়। পরে আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় আরও ৮ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা।
প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন ফকির বলেন, বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা মাটিতে লুটিয়ে পড়ে ও অজ্ঞান হয়ে যায়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত, আব্দুল জব্বার জানান, দুপুরের পরে বিকট শব্দে, স্কুলের পাশে বজ্রপাত হওয়ায়, অধিকাংশ আতঙ্কে, অসুস্থ হয়ে পড়ে -কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেললে, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছিল, তবে তাদের সবাইকেই, প্রাথমিক চিকিৎসা দিয়েছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102