জালিয়াতি করে প্রায় ৭০ বছর ভোগ দখলীয় জমি নিজ নামে রেকর্ড করে , জমি আত্মসাত করার চেষ্টার অভিযোগ এনে দলীয় কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, পটুয়াখালী বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন তালুকদার (৬১)। বুধবার দুপুর সোয়া ১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে বলেন, আমি বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে মৃত খলিলুর রহমান তালুকদার-এর ছেলে। এলাকায় আমার বাপ-দাদা ও চাচার মোট জমির পরিমাণ হলো ১০ একর ৯৬ শতাংশ। এই জমির ওয়ারিশ হলেন- বীর উত্তম গ্রুপ ক্যাপ্টেন মৃত শামসুল আলম তালুকদার, সহ প্রায় অর্ধশত ওয়ারিশ।উক্ত জমি ও অন্যান্য দাগের জালিয়াতি পূর্বক,১৮ একর জমি,রেকর্ড করে নিয়েছে – পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চুন্নু মিয়া সহ তার ৫ ছেলে। এরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটির নেতা মুনির হোসেন, পটুয়াখালী পৌর বিএনপি সভাপতি মো. কামাল হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক জামাল হোসেন, বিএনপি নেতা মো. ইকবাল হোসেন ও এসএম কবির হোসেন। আসামিদের বাড়ি বাউফল উপজেলার কাছিপাড়া এলাকায়। ইতোমধ্যে জালিয়াতি পূর্বক আমার ৪ একর ও অন্যান্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১৪ একর জমি রেকর্ড করে নিয়েছে।
উক্ত ঘটনায় আমি বাদী হয়ে আব্দুর রশিদ চুন্নু মিয়া সহ তার ৫ ছেলের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে এনে ২০২৬ সালের ২৩ জুলাই পটুয়াখালীর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালতের বিচারক মো. সোহেল রানা মামলা আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নালিশীকে এফআইআর গণ্যে এজাহার রুজু করে ৩ দিনের মধ্যে আদালতে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সংবাদ সম্মেলনকারী জসীমউদ্দীন তালুকদার বলেন, অভিযুক্ত চুন্নু মিয়া, ২০১৩ সালের একটি মামলার, নাম্বার (৬৭/১৩)এনে, ভুয়া ডিগ্রি উপস্থাপন করে রেকর্ড সংশোধন করেন। পরবর্তীতে আদালতে, ২০১৩ সালের ৬৭ নাম্বার মামলাটি তদবিরের অভাবে খারিজ হয়ে গেছে বলে আদালত নিশ্চিত করেছে।
তিনি বলেন, জমি জাল জালিয়াতির বিষয়টিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনার পাশাপাশি সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। অভিযুক্ত আব্দুর রশিদ চুন্নু মিয়ার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
বাউফল থানার, সাব ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী অফিসার স্বপন কুমার হাওলাদার জানান, জালিয়াতির অভিযোগে আদালতের নির্দেশে, বাউফল থানায় মামলা হয়েছে গত ২৪ জুলাই, আব্দুর রশিদ চুন্নু সহ ৬ জনের বিরুদ্ধে।
এই মামলায় এখন পর্যন্ত রিপোর্ট জমা দেওয়া হয়নি, কারণ জালিয়াতির অভিযোগের কাগজপত্র, দেখতে বেশ কিছু সময় লাগবে, তারপরে রিপোর্ট দেয়া হবে।