প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন তারেক রহমান। আগামী ১৩ জুলাই তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। বিভাগীয় প্রশাসনের পক্ষে, সকল কর্মকান্ড, সুন্দরভাবে সম্পন্নের জন্য বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। শুক্রবারও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এ উপলক্ষে বিভাগীয় প্রশাসনের সাথে বৈঠক করেন। শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি প্রস্তুতিমূলক সভা করেন। গৌরনদী–আগৈলঝাড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বিকেল তিনটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সফর শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) বাস্তবায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাসের অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যেও, প্রধানমন্ত্রী, বরিশালের বৃক্ষরোপণ করবেন, ও বিএনপি নেতাকর্মীদের সাথে শিল্পকলা একাডেমিতে বৈঠক করবেন। বিএনপি নেতাকর্মী সহ বরিশালের জনগণ এখন তার আগমনের দিকে চেয়ে আছে। তাকে বরিশালের বিষয়ে কোন দাবি করতে হবে না, তিনি সকল বিষয় সম্পর্কে অবহিত আছেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। এই সফরকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।” এদিকে, প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে, শিল্পকলা একাডেমীর সাজ সজ্জা, রং দেয়া শুরু হয়েছে। এছাড়া কীর্তনখোলা পাড়ে,প্রধানমন্ত্রী আগমন স্থলে সুসজ্জিত করণের কাজ, এগিয়ে চলছে বলে, সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে।